সীমান্তে ইন্ডিয়ান খাসিয়ার গুলিতে ফের বাংলাদেশি নিহত
উত্তরদক্ষিণ । শুক্রবার ০৩ জুলাই ২০২০ আপডেট ০৯:২০
সীমান্তে ইন্ডিয়ান খাসিয়ার গুলিতে আবারও এক বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (০২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্তে এ ঘটনাটি ঘটে। নিহত ওই যুবকের নাম সিরাজ মিয়া (৪৫)। তার বাড়ি উপজেলার বিছানাকান্দি সীমান্তের দমদমা গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল বলেন, বৃহস্পতিবার বিকাল ৪টায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ গোয়াইনঘাট উপজেলার দমদমিয়া বিওপি সীমান্ত পিলার সংলগ্ন পাহাড়তলী গ্রাম এলাকা দিয়ে চারজন বাংলাদেশি নাগরিক ইন্ডিয়ার এক কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে। তাদের উপস্থিতি টের পেয়ে ইন্ডিয়ান খাসিয়া নাগরিকরা বিকাল সাড়ে ৪টার দিকে বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে গুলি করে। এতে বাংলাদেশি নাগরিক মো. সিরাজ মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মো. নাজিম উদ্দিন (৩৮) নামে আরও একজন গুলিবিদ্ধ হন। অপর দুই বাংলাদেশি পলাতক রয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। আহত নাজিমকে চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত ১০ জুনও বিছনাকান্দি সীমান্তে ইন্ডিয়ান খাসিয়াদের গুলিতে মিন্টু মিয়া নামের এক বাংলাদেশির মৃত্যু হয়।

