বেনাপোলে ‘গরিবের ডাক্তার’ আমজাদ, করোনায় মৃত্যু
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুলাই ২০২০ । ১৩:০৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোরের বেনাপোলের এক চিকিৎসক মারা গেছেন।
শনিবার (০৪ জুলাই) সন্ধ্যায় ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার মেয়ে রজনী আফরিন।
প্রয়াত চিকিৎসক আমজাদ হোসেন (৬০) বেনাপোলের বেসরকারি হাসপাতাল ‘রজনী ক্লিনিকের’ মালিক। তিনি বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভবারবেড় গ্রামের বাসিন্দা।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী বলেন, গত বুধবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো নমুনা থেকে ডা. আমজাদ হোসেনের আক্রান্তের রিপোর্টটি আমরা পাই।
তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান তিনি।
এলাকায় গরিবের ডাক্তার হিসেবে তার সুখ্যাতি ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
‘রজনী ক্লিনিক’ প্রতিষ্ঠার আগে তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ছিলেন।

