গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত, লঙ্কান ক্রিকেটার গ্রেপ্তার
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুুলাই ২০২০। আপডেট ১৩:৪৮
সড়ক দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুসল মেন্ডিসকে। লঙ্কান পুলিশের অভিযোগ, মেন্ডিসের গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন ৬৪ বছর বয়সী এক সাইকেল আরোহী।
লঙ্কান পুলিশের মিডিয়া বিভাগের বরাত দিয়ে শ্রীলঙ্কার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, রবিবার (৫ জুলাই) ভোর ৫টায় কলম্বোর দক্ষিণে পানাদুরা নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি স্থানীয় বাসিন্দা। দুর্ঘটনার সময় মেন্ডিসই গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
৪৮ ঘণ্টার মধ্যে মেন্ডিসকে আদালতে হাজির করা হবে। পাশাপাশি পুলিশের তদন্ত চলতে থাকবে। মেন্ডিস বা সাইকেল আরোহীর কেউ মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
শ্রীলঙ্কার হয়ে ৪৪ টেস্ট, ৭৬ ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন মেন্ডিস। তার প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যানদের একজন মনে করা হয় তাকে। করোনাভাইরাস বিরতি শেষে সম্প্রতি পাল্লেকেলেতে হয়ে যাওয়া শ্রীলঙ্কার অনুশীলন ক্যাম্পেও ছিলেন ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। তথ্য সহায়তা বিডিনিউজ।

