এ মুহূর্তে সরকারের জন্য ‘৩ চ্যালেঞ্জ’
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুুলাই ২০২০। আপডেট ১৪:৩৮
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকারকে এখন করোনার সংক্রমণ রোধ ও অসহায় মানুষের প্রোটেকশন, বন্যা কবলিত ১২টি জেলার মানুষের সুরক্ষা এবং আসন্ন ঈদে মানুষের ভিড় এড়ানো এই তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।’ তিনি বলেন, রোজার ঈদে মানুষের অবাধ চলাচল, ভিড় সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিয়েছিল। কোরবানির ঈদে এ সমাগম ও ভিড় যেকোনও মূল্যে এড়াতে হবে। নিজেদেরর বেঁচে থাকার স্বার্থেই এটা করতে হবে।’
রবিবার (৫ জুলাই) সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন, ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নমুখী সরকার। জনগণের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় চলমান উন্নয়ন প্রবাহ ধরে রেখেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সচেষ্ট।
প্রতিকূলতার মধ্যেও মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন
বৈশ্বিক মহামারি করোনার কারণে দেশে উন্নয়ন কাজে কিছুটা বাধা এলেও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান মেগা প্রকল্প বাস্তবায়নে গতি ফিরেছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘শত প্রতিকূলতার মাঝেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প পদ্মাসেতু, মেট্রোরেল রুট-৬, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অন্যান্য প্রকল্পের কাজ পুরোদমে চলছে।’

