করোনার বাধা অতিক্রম করেই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হবে : তাজুল

করোনার বাধা অতিক্রম করেই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হবে : তাজুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । ০৮:২১

করোনার বাধা অতিক্রম করেই দেশের উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রবিবার (০৫ জুলাই) তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিবেশ সুরক্ষায় রাজধানীতে ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-৩ এলাকায় বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

তাজুল ইসলাম বলেন, করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারের দিকনির্দেশনা অনুসরণ করে দেশের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, ‘‘অনেক প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছিল। কিন্তু সারাবিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় অন্যান্য দেশের মতো আমাদের উন্নয়ন কর্মক্রমও ব্যাহত হচ্ছে। আমাদের থেমে থাকলে চলবে না, নানা প্রতিকূলতা মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সারাদেশে লাখ লাখ খেটে খাওয়া মানুষের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ড চালু রাখা প্রয়োজন। আর সরকার সে কাজটিই করে যাচ্ছে।

রাজধানীর মানুষের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে ঢাকা ওয়াসা প্রতিজ্ঞাবদ্ধ বলে উল্লেখ করে তিনি বলেন, দেশে লকডাউন ও সাধারণ ছুটি ঘোষনার পরও ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। আর এভাবেই ঝুঁকি নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। খবর বাসস-এর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading