সাড়ে ৩ মাস পর বেনাপোল দিয়ে ইন্ডিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি শুরু
উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । ০৮:৪৮
করোনাভাইরাস মহামারীর মধ্যে দীর্ঘ ১০৫ দিন বন্ধ থাকার পর বেনাপোল দিয়ে এবার ইন্ডিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানিও শুরু হয়েছে, যদিও কিছুদিন আগে থেকে সেদেশের পণ্য আমদানি হচ্ছিল।
রবিবার (০৫ জুলাই) বাংলাদেশের কয়েকটি ট্রাক পণ্য নিয়ে ইন্ডিয়ায় প্রবেশের মধ্য দিয়ে স্বাভাবিক আমদানি-রপ্তানি শুরু হয় বলে জানান বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার।
মামুন কবির তরফদার বলেন, “রবিবার বেনাপোল বন্দর দিয়ে পাঁচটি পণ্যবাহী ট্রাক ভারতে গেছে। সোমবার সকাল থেকে এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।”
তিনি বলেন, প্রথম দিনে বিকাল সাড়ে ৫টায় গার্মেন্টস সামগ্রী নিয়ে পাঁচটি বাংলাদেশি ট্রাক ইন্ডিয়ার পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। সময় স্বল্পতার কারণে এদিন বেশি ট্রাক পাঠানো যায়নি।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারীর মধ্যে সংক্রমণ শঙ্কায় গত ২২ মার্চ দু’দেশেরে মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।
এর মধ্যে দু’দেশের বন্দর ব্যবহারকারীদের মধ্যে আলোচনার পর গত ৮ জুন বাংলাদেশে ইন্ডিয়ায় পণ্য আমদানি শুরু হয়; কিন্তু করোনাভাইরাস সংক্রমণের শঙ্কার অজুহাতে ইন্ডিয়া সেদেশে বাংলাদেশি পণ্য ঢুকতে দিচ্ছিল না। ১০৫ দিন বন্ধ থাকার পর বেনাপোল দিয়ে এবার ইন্ডিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানিও শুরু হলো।
তথ্য সূত্র – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

