করোনায় নালিতাবাড়ীর সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিলের মৃত্যু

করোনায় নালিতাবাড়ীর সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিলের মৃত্যু

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । ১০:১৫

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার সাবেক পৌর মেয়র আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল (৬৭) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

রবিবার (০৫ জুলাই) দিবাগত রাত ১০ টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্নালিল্লাহি…রাজেউন)।

জানা যায়, গত ২৫ জুন হালিম উকিলের নমুনা পরীক্ষায় ‘কভিড-১৯ পজিটিভ’ ধরা পড়ার পর রাজধানীর বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে তাঁকে ‘প্লাজমা থেরাপি’ দিয়ে চিকিৎসা চললেও রবিবার রাতে তাঁর মৃত্যু ঘটে।

বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্ব জননেতা আব্দুল হালিম উকিল নালিতাবাড়ী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন ছাড়াও তিঁনি ছিলেন ওই পৌরসভার প্রথম নির্বাচিত পৌর চেয়ারম্যান। এছাড়া তিনি ইউপি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমান জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হালিম উকিল নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

কৈশোরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ১১ নং সেক্টরের এই অকুতোভয় মুক্তিসৈনিক বিভিন্ন সম্মুখ সমরে অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। স্পষ্টভাষী, দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা হিসেবে পরিচতি হালিম উকিল ঐতিহাসিক কাটাখালি যুদ্ধে কমান্ডর শহীদ নাজমুলের সহযোদ্ধা ছিলেন। ৬ জুলাই কাটাখালি যুদ্ধ দিবসের প্রাক্কালে তিঁনি চিরনিদ্রায় শায়িত হলেন। মৃত্যুকালে তিঁনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শেরপুরে শোকের ছায়া নেমে আসে।

তাঁর মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading