ভিয়ারিয়ালকে হারিয়ে ব্যবধান কমাল বার্সেলোনা

ভিয়ারিয়ালকে হারিয়ে ব্যবধান কমাল বার্সেলোনা

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । ১০:০০

শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদের ওপর চাপ ধরে রাখতে জয়ের বিকল্প ছিল না বার্সেলোনার। গুরুত্বপূর্ণ ম্যাচে আলো ছড়ালেন আক্রমণভাগের তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও অঁতোয়ান গ্রিজমান। ভিয়ারিয়ালকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান ৪ পয়েন্টে নামিয়ে আনলো শিরোপাধারীরা।

শুরুতেই এগিয়ে যাওয়া বার্সেলোনা ম্যাচের পুরোটা সময় জুড়ে বল দখলে আধিপত্য দেখানোর পাশাপাশি আক্রমণের বন্যা বইয়ে দিল। লিওনেল মেসির জোড়া অ্যাসিস্টে প্রথমার্ধে লুইস সুয়ারেজ ও আঁতোয়ান গ্রিজমান জালের ঠিকানা খুঁজে নেওয়ার পর শেষদিকে লক্ষ্যভেদ করলেন বদলি নামা আনসু ফাতি। বড় জয় তুলে নিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান চারে নামিয়ে আনল কিকে সেতিয়েনের দল।

রবিবার রাতে ভিয়ারিয়ালকে তাদের মাঠেই ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। চলমান মৌসুমের আগের দেখায় গেল সেপ্টেম্বরে দলটিকে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ২-১ গোলে হারিয়েছিল কাতালানরা।

এই জয়ে ৩৪ ম্যাচে ২২ জয় ও সাত ড্রয়ে তালিকার দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট বেড়ে হলো ৭৩। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে তাদের সামনে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল। মাত্র চার রাউন্ডের খেলা বাকি থাকায় শিরোপা পুনরুদ্ধারের দৌড়ে অনেকখানি এগিয়ে আছে জিনেদিন জিদানের শিষ্যরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading