করোনা সংক্রমণ ‘ক্ষতিকর নয়’: ট্রাম্পের মন্তব্যে বিব্রত এফডিএ
উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । আপডেট ১৫:৪১
করোনাভাইরাসের ৯৯ শতাংশ সংক্রমণই ‘ক্ষতিকর নয়’! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য সমর্থন করেননি দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) কমিশনার স্টিফেন হ্যান। তিনি এমন মন্তব্যের বিষয়ে কথা বলতে বিব্রতবোধ করেন। খবর সিনহুয়া’র।
খবরে বলা হয়েছে- হোয়াইট হাউসে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেছেন, ‘কোভিড-১৯ বা করোনাভাইরাসের ৯৯ শতাংশ সংক্রমণ একেবারেই ‘ক্ষতিকর নয়’। তার এমন কথা সঠিক কিনা সে ব্যাপারে সিএনএন’র ডনা বশ জানতে চাইলে হ্যান উত্তর দিতে অস্বীকৃতি জানান।
বরং তিনি বলেন, হোয়াইট হাউস টাস্ক ফোর্সের উপাত্তে দেখানো হয়েছে যে, এ ভাইরাসের কারণে আমেরিকা অনেক সমস্যায় পড়েছে। এ ব্যাপারে জনগণের গুরুত্ব দেয়া প্রয়োজন।
অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও ফ্লোরিডাসহ আমেরিকার ৩০টিরও বেশি অঙ্গরাজ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ২৯ লাখ, এবং মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে। আর ওয়ার্ল্ডওমিটার বলছে, আমেরিকায় সবশেষ তথ্য অনুযায়ী, আক্রান্ত ২৯ লাখ ৮৩ হাজারের বেশি, মৃত্যু হয়েছে ১ লাখ সাড়ে ৩২ হাজার মানুষের।

