‘নুরের উসকানিতে’ ভিয়েতনামে ২৭ বাংলাদেশির মিশন দখলের চেষ্টা!

‘নুরের উসকানিতে’ ভিয়েতনামে ২৭ বাংলাদেশির মিশন দখলের চেষ্টা!

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । আপডেট ২১:২০

অবৈধভাবে ভিয়েতনামে যাওয়া ২৭ বাংলাদেশি ওই দেশে অবস্থিত বাংলাদেশ মিশন দখল করার চেষ্টা করেছে। একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের উসকানি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর। সোমবার (৬ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা বলেন। গত ২ জুলাই তাদের মধ্যে ১১ বাংলাদেশিকে নিয়ে একটি বিশেষ ফ্লাইট ভিয়েতনাম থেকে ঢাকায় আসে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এই অভিযোগ অস্বীকার করে নুরুল হক নুর বলেছেন, তিনি প্রবাসীদের উসকানি দেননি, প্রতিবাদ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘আমাদের রাষ্ট্রদূত ভিয়েতনাম থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোর কাজে ব্যস্ত ছিলেন। ওই ফাঁকে সেখানে আরও ২৭ জন বাংলাদেশি মিশনটি দখল করে ফেলে। তারা বলে তাদের বাংলাদেশে পাঠাতে হবে। তাদের বলা হলো, ফ্লাইট যাচ্ছে- তোমরা ফেরত যাও। কিন্তু তারা বললো- তারা ওই ফ্লাইটে ফেরত যাবে না। তারা টাকা পয়সা খরচ করবে না। তারপরে দেন দরবার করে। এখন তারা হোটেলে আছে।’

তারা সবাই অবৈধভাবে ওই দেশে যায় এবং তাদের কোনও পাসপোর্ট নেই জানিয়ে ড. মোমেন বলেন, ‘তারা পাসপোর্টের কথা বলতেও রাজি না। তারা বলে- এগুলো তাদের এজেন্টরা নিয়ে গেছে। তারা কোনও জাতীয় পরিচয়পত্র দেখাতে চায় না। কোনও ধরনের সহযোগিতা তারা করছে না।’

‘তারা বড় প্রচারণা চালাচ্ছে যে, সরকার তাদের কোনও সহায়তা করছে না’ জানিয়ে মোমেন বলেন, ‘তাদের দাবি হচ্ছে বাংলাদেশে নিয়ে যেতে হবে এবং তাদের বিশেষ ফ্লাইটে নিয়ে যেতে হবে। তারা ভিডিও মারফত একটি আন্দোলন শুরু করেছে। তারা বলছে, তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় মিশনগুলোতে আক্রমণ করবে। তাদের নেতৃত্ব দিচ্ছে একটি নতুন প্রতিষ্ঠান এবং এটির নাম হচ্ছে প্রবাসী অধিকার পরিষদ। এর প্রধান বোধহয় হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুর সাহেব।’

এ বিষয়ে জানতে চাইলে নুরুল হক নূর গণমাধ্যমকে বলেন, “আমি বাংলাদেশি একজন নাগরিক, বাংলাদেশের একজন ছাত্রনেতা। আমি কোনও জাতীয় নেতা নই। আমি কোনও রাজনৈতিক দলের প্রধান নই। আমি ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাস দখল করাবো –এটা কতটুকু হাস্যকর কথা! এই কথা বাংলাদেশের একজন পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে আসা বাতুলতা ছাড়া আর কিছু না। আমি ‘প্রবাসী অধিকার পরিষদ’ নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত আছি, যেটা প্রায় মাস খানেকের মতো ধরে তৈরি হয়েছে। সেখানে এক মাসের মধ্যে আমাদের এতো শক্তি হয়ে গেল যে, আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করবো! এটা খুবই ফালতু কথা।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading