দাউদকান্দিতে সড়কে প্রাণ গেলো নানা-নানি ও নাতি’র
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ১৩:৫০
প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে কুমিল্লার দাউদকান্দিতে নানা-নানি ও নাতি নিহত হয়েছেন। তারা ঢাকা থেকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ যাচ্ছিলেন।
মঙ্গলবার (০৭ জুলাই) ভোর সাড়ে ৫টায় কুমিল্লার দাউদকান্দি ও চাঁদপুরের মতলব সড়কের কাজিরকোনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
এ দুর্ঘটনায় নিহতরা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকার সিরাজুল ইসলাম (৮০), তার স্ত্রী জাহানারা বেগম (৭০) ও ১২ বছরের নাতি আবু বকর সিদ্দিক।
এ নিয়ে দাউদকান্দি থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিন জন নিহত হন। দুর্ঘটনা কবলিত গাড়িসহ লাশ উদ্ধার করা হয়েছে।

