আমেরিকায় তরুণরাই ছাড়াচ্ছে করোনা, পরিস্থিতি ভালো নয়: ফাউচি

আমেরিকায় তরুণরাই ছাড়াচ্ছে করোনা, পরিস্থিতি ভালো নয়: ফাউচি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ১৭:০৫

মার্কিন সরকারের সংক্রমণ রোগ বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ এন্থনি ফাউচি সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি সত্যিকার অর্থেই ভালো নয়। তার মতে, তরুণদের মাধ্যমেই করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে আমেরিকায়।

সোমবার (৬ জুলাই) ইউএস ন্যাশনাল ইন্সষ্টিটিউট অব এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজ-এর পরিচালক ফাউচি বলেন, আমরা যে পরিস্থিতিতে রয়েছি- সেখানে প্রতিদিন গড়ে প্রায় ২০ হাজার লোক নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। তিনি আরো বলেন, কয়েক মাস আগের তুলনায় এখন আক্রান্তদের গড় বয়স ১৫ বছরেরও কম। কিন্তু তরুণদের বুঝতে হবে যে তারা শূন্যে বসবাস করে না।

সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ফাউচি বলেন, তারা (তরুণ) একজনকে সংক্রমিত করছে। সে আবার আরেকজনকে করছে। এরকম করে এক সময় বয়স্কদের কেউ যে হয়তো ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি নিচ্ছে সে আক্রান্ত হচ্ছে। তিনি বলেন, তোমরাও মহামারি ছড়ানোর একটা অংশ। সুতরাং সংক্রমণ এড়াতে তোমাদের নিজের প্রতি যেমন তেমনি সমাজের প্রতিও দায়িত্ব রয়েছে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, আমেরিকায় সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৯ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ লাখ ৩০ হাজার ১শ’রও বেশি লোক। আর মঙ্গলবার গ্রিনিচ মান সময় ০৮:৪৭টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, করোনা সংক্রমণে সবার শীর্ষে থাকা মার্কিন আমেরিকায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩০ লাখের বেশি মানুষ। আর মৃত্যু ১ লাখ ৩২ হাজার ছাড়িয়ে গেছে সেখানে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading