১৬৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দিলো ইতালি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ । আপডেট ০৯:২৫
বাংলাদেশ থেকে কাতার এয়ারওয়েজের দুটি ফ্লাইটের যাত্রীকে ইতালি প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দর ও মিলান বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে থাকা যাত্রীদের বিমান থেকে নামতেই দেওয়া হয়নি।
এর একদিন আগেই ইতালি সরকার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে।
এদিকে কাতার এয়ারওয়েজ জানিয়েছে, এসব যাত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনবে।
ইতালি থেকে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ নিশ্চিত করে জানিয়েছে, মিলান ও রোমে কাতার এয়ারওয়েজের দুটি ফ্লাইটের ১৬৮ যাত্রীকে ফেরত পাঠায় দেশটি। সেই একই ফ্লাইটে যাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ইতালির নাগরিকদের প্রবেশ অনুমতি দেয় কর্তৃপক্ষ। একইসঙ্গে মানবিকতার খাতিরে ৭ মাসের এক অন্তঃসত্ত্বা নারীকেও প্রবেশ করতে দেয়।
বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের ফের ঢাকায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের স্টেশন ম্যানেজার দেবিন জান্নাত মল্লিক।
তিনি বলেন, আমাদের জানা ছিল না যে বাংলাদেশ থেকে কোনও যাত্রী ইতালি নেওয়া যাবে না। যেহেতু দেশটির নিষেধাজ্ঞা আছে, তাই সেসব যাত্রীকে আমরা ফিরিয়ে আনবো। নিষেধাজ্ঞা যতদিন থাকবে ততদিন আর বাংলাদেশ থেকে ইতালিগামী কোনও যাত্রী নেওয়া হবে না।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ থেকে কয়েকটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব ফ্লাইটে যাওয়া যাত্রীদের মধ্যে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। সর্বশেষ ৬ জুলাই বাংলাদেশ থেকে রোমে যাওয়া একটি ফ্লাইটের উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়। এরপরই বাংলাদেশের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ইতালি। সূত্র – বাংলা ট্রিবিউন।

