গোল উৎসব করে জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার সিটি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ । আপডেট ০৯:৫০
রীতিমত গোল উৎসব করে জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার সিটি। বুধবার নিজেদের মাঠ ইতিহাদে নিউক্যাসল ইউনাইটেডকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে দলটি। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে নাস্তানাবুদ করার পর সাউদাম্পটনের কাছে অনাকাঙ্ক্ষিতভাবে হেরে যায় পেপ গার্দিওলার শীষ্যরা। তবে পরের ম্যাচেই বাজিমাত করলো তারা।
বুধবার নিজেদের মাঠে একক রাজত্ব করেছে ম্যানসিটির ফুটবলাররা। ম্যানসিটির পক্ষে গ্যাব্রিয়েল জেসুস, রিয়াদ মাহরেজ, ডেভিড সিলভা ও রাহিম স্টার্লিং একটি করে গোল করেছেন। অন্য গোলটি এসেছে আত্মঘাতী থেকে।
এ ম্যাচে শেষ মুহূর্তের যোগ করা সময়ে ৫ম গোলটি করেন জেসুসের বদলি নামা স্টার্লিং। সিলভার পাস থেকে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার।
লিগের ৩৪ ম্যাচে ২২ জয় ও তিন ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি। সর্বশেষ দুই মৌসুমের চ্যাম্পিয়নরা এরই মধ্যে চলতি মৌসুমে শিরোপা হারিয়েছে। সমান ম্যাচে ৯২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিভারপুলের শিরোপা নিশ্চিত হয়ে গেছে আগেই।

