দুর্নীতি’র বিরুদ্ধে অভিযান ‘জোরদার’ করার ঘোষণা দুদক চেয়ারম্যানের
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ জুলাই ২০২০। আপডেট ১৫:৪০
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ত্রাণ এবং স্বাস্থ্যখাতে চিহ্নিত দুর্নীতিপরায়নদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। তিনি বলেন, করোনার কারণে কমিশনের নিয়মিত অভিযান স্থগিত রাখা হলেও তাদের বিরুদ্ধে অভিযান সক্রিয় করা হবে। রাজধানীর সেগুন বাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত পূর্ণাঙ্গ কমিশনের এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শুক্রবার (১০ জুলাই) সরকারি সংবাদ সংস্থা- বাবস এ খবর দিয়েছে।
এতে বলা হয় সভায় দুদক কর্মকর্তাদের উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের ১৮ জনের বেশি কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। দু’জন কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন। এর মধ্যেও আপনারা (কর্মকর্তারা) মামলা করছেন, অপরাধীদের গ্রেফতার করছেন, অভিযোগ সংশ্লিষ্টদের তলব করছেন, জিজ্ঞাসাবাদ করছেন। এটা আপনাদের কৃতিত্ব। সবাই স্বাস্থ্য বিধি মেনে দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে বাসায় বসে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন।
দেশের অর্থ পাচার বন্ধ করতে হলে দ্রুততর সময়ে অর্থপাচারকারীদের বিরুদ্ধে মামলা করে অপরাধলব্ধ সম্পদ উদ্ধার করতে হবে বলেও মনে করেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, এক্ষেত্রে বিএফআইউ, সিআইডি, জাতীয় রাজস্ববোর্ডসহ অন্যান্য সংস্থার মধ্যে নিবিড় সমন্বয় থাকতে হবে।
সভায় দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন, হাসপাতালসহ এ জাতীয় সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের প্রতি দুদকের গোয়েন্দা নজদারি আরো বাড়াতে হবে।
আরও বক্তব্য রাখেন কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, দুদক সচিব মুহাম্মদ দিলোয়র বখ্ত, মহাপরিচালক আ ন ম আল ফিরোজ, মো. মফিজুর রহমান ভূঞা, মো. জহির রায়হান, মো.রেজানুর রহমান, সাঈদ মাহবুব খান ও মো. জাকির হোসেন প্রমুখ।

