সাতক্ষীরার ‘১০ টাকার ডাক্তার’ এবাদুল্লাহ করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ জুলাই ২০২০। আপডেট ১৬:০০
‘গরিবের ভরসা’ ও ‘১০ টাকার ডাক্তার’ হিসেবে পরিচিত সাতক্ষীরার প্রবীণ চিকিৎসক, জেলার অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ও সাতক্ষীরা বিএমএ’র সিনিয়র সহ-সভাপতি ডা. মো. এবাদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা পরিস্থিতির মধ্যেও তিনি নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তিনি বর্তমানে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (১০ জুলাই) ডাক্তার মো. এবাদুল্লার ছেলে নিয়াজ ওয়াহিদ বলেন, ‘বাবাকে করোনাকালে চিকিৎসা সেবা দিতে নিষেধ করতাম, কিন্তু শুনতেন না। তিনি বলতেন- আমি চিকিৎসা না করলে যারা আমাকে ভালোবেসে অনেক দূর থেকে চিকিৎসা নিতে আসে, তারা যাবেন কোথায়।’ ছেলে নিয়াজ আরও বলেন, ‘বাবা যতই অসুস্থ হোক না, মানুষের চিকিৎসা সেবা না করতে পারলে যেন অস্থির হয়ে পড়েন। গত ৪ জুলাই বিকাল ৪টার পর বাবা তার নিজ চেম্বারে রোগী দেখতে দেখতে অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালেরে আইসিইউতে ভর্তি করি। পরে মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডা. কাজী আরিফ আহম্মেদ সিটি স্ক্যান করে তার ফুসফুসে সমস্যা পান। গতকাল বৃহস্পতিবার তার করোনাভাইরাস পরীক্ষা করে পজিটিভ রিপোর্ট এসেছে।’
বর্তমান অবস্থা আগের চেয়ে ভালো উল্লেখ করে পিতা ডা. এবাদুল্লাহ’র জন্য সাতক্ষীরাবাসীসহ দেশবাসীর কাছে তিনি জন্য দোয়া চেয়েছেন নিয়াজ ওয়াহিদ।

