কাজাখস্তানে প্রাণঘাতী ‘নিউমোনিয়া’, বেকায়দায় সরকার
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ জুলাই ২০২০। আপডেট ১৯:০৫
কাজাখস্তানে ছড়িয়ে পড়া এক ‘অজানা নিউমোনিয়া’ রোগের ব্যাপারে সেখানকার চীনা দূতাবাস হুঁশিয়ারি দিয়ে বলেছে, এটি কোভিড-১৯ এর চেয়েও বেশি ভয়ংকর। বার্তা সংস্থা রয়টার্স- চীনা দূতাবাসের একটি বিবৃতি উদ্ধৃত করে বলেছে, কাজাখস্তানের আটিরাউ, আকটোবে এবং শাইমকেন্ট শহরে জুন মাসের মাঝামাঝি থেকে ওই ‘অজানা নিউমোনিয়া’ ছড়াতে শুরু করে।
চীনা দূতাবাসের বিবৃতিতে বলা হয়, এ বছরের প্রথম ৬ মাসে কাজাখস্তানে নিউমোনিয়ায় মারা গেছে ১ হাজার ৭৭২ জন। এর মধ্যে কেবল জুন মাসেই মারা গেছে ৬২৮ জন। এতে বলা হয়, নিউমোনিয়ায় মৃত্যুর হার করোনাভাইরাসের কারণে হওয়া নিউমোনিয়ার চেয়ে অনেক বেশি।
রয়টার্সের বরাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ওই নিউমোনিয়া কি করোনাভাইরাসের কারণেই হচ্ছে নাকি এটি একেবারে ভিন্ন ধরণের কোন করোনাভাইরাস, সেটা ঠিক পরিস্কার নয়। কাজাখস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এখন একটি তুলনামূলক সমীক্ষা চালাচ্ছে। কিন্তু কোনও উপসংহারে তারা এখনো পৌঁছায়নি।
কাজাখস্তানের একটি সরকারি বার্তা সংস্থা- কাজ-ইনফর্মে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, জুন মাসে সেখানে নিউমোনিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ২.২ শতাংশ বেশি। কাজাখস্তানে এ পর্যন্ত ৫০ হাজারের বেশি কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। সরকারি হিসেবে মারা গেছে ২৬৪ জন।
গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) সেখানে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৯৬২ জনের শরীরে প্রাণঘাতী নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়ে। এই রহস্যজনক প্রাণঘাতী নিউমোনিয়া নিয়ে চীনের সরকারি গ্লোবাল টাইমস পত্রিকাতেও খবর বেরিয়েছে বলে বিবিসি বলছে।
গ্লোবাল টাইমসে বলা হয়, কাজাখস্তানের চীনা দূতাবাস সেখানে অবস্থানরত চীনা নাগরিকদের নিউমোনিয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর উল্লেখ করে চীনা দূতাবাস বলেছে, ওই নিউমোনিয়ায় মৃত্যুর হার কোভিড-১৯ এর তুলনায় অনেক বেশি। গ্লোবাল টাইমস লিখেছে, চীনা দূতাবাসের ওই হুঁশিয়ারির ব্যাপারে কাজাখাস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনও জবাব দেয়নি।
কিছু চীনা বিশেষজ্ঞ এই নিউমোনিয়া যাতে চীনে ছড়াতে না পারে সেজন্যে এখনই ব্যবস্থা নিতে বলছেন। চীনের উত্তর-পশ্চিমের শিনজিয়াং প্রদেশের সঙ্গে কাজাখাস্তানের সীমান্ত রয়েছে।
কাজাখস্তানের সরকারি বার্তা সংস্থা কাজ-ইনফর্মে সরকারের স্বাস্থ্যমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, অজানা নিউমোনিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা কোভিড-১৯ এ আক্রান্তদের চেয়ে দুই হতে তিনগুন বেশি।

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন
কাজাখস্তানের সরকার যেভাবে করোনাভাইরাস মোকাবিলার চেষ্টা করছে, তা নিয়ে সমালোচনা বাড়ছে। ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে সরকার গত বৃহস্পতিবার ঘোষণা করেছে যে, আগামী ১৩ জুলাই কাজাখস্তানে সরকারিভাবে ‘শোক দিবস’ পালন করা হবে কোভিড-১৯ রোগে মারা যাওয়া মানুষদের স্মরণে। প্রেসিডেন্ট কাসিম জমার্ট টোকায়েভ ওইদিন টেলিভিশনে জাতির সামনে দেয়া ভাষণে একথা ঘোষণা করেন।
জানা গেছে, করোনাভাইরাস মহামারির মধ্যেই গত ৬ জুলাই দেশটির রাজধানী নুর-সুলতানে যেভাবে আতশবাজি পুড়িয়ে উৎসব করা হয়, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। কাজাখস্তানের রাজধানীর নতুন নামকরণ করা হয় সাবেক প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েভের নামে। প্রতিবছর ৬ জুলাই তার জন্মবার্ষিকী ধুমধাম করে পালন করা হয়। এবছর ছিল তার ৮০তম জন্মদিন।

