জ্বলন্ত বাড়ি থেকে ফেলা শিশুটি বেঁচে গেল, মায়ের মৃত্যু!
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ জুলাই ২০২০। আপডেট ১৮:৪৫
প্রাক্তন এক মার্কিন নৌসেনার উপস্থিত বুদ্ধি এবং ক্ষিপ্রতায় বেঁচে গেল তিন বছরের একটি শিশু। তার মা তাকে তিন তলা থেকে নিচে ফেলে দিয়েছিলেন। ছুটে গিয়ে তাকে লুফে নেন প্রাক্তন মেরিন সদস্য ফিলিপ ব্ল্যাঙ্কস। প্রাণে বেঁচে যায় শিশুটি। তবে বাঁচতে পারেননি শিশুটির মা। আমেরিকার অ্যারিজোনার ফিনিক্স শহরের ঘটনা।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, একটি তিন তলা বাড়ির উপরের তলায় আগুন লেগে যায়। সেখানে আটকে পড়েন র্যাচেল লং ও তার তিন বছরের ছেলে এবং আট বছরের কন্যা। কিন্তু আগুনের মধ্যে দিয়ে তাঁদের বেরনোর কোনও রাস্তা ছিল না। ফলে নিজের সন্তানকে বাঁচাতে মা র্যাচেল তাকে বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দেন নিচে। হয়তো তিনি চিন্তা করেন, ঘরে থাকলে আগুনে পুড়ে মৃত্যু অবধারিত। কিন্তু যদি তিন তলা থেকে ফেলে দেন, হয়তো বেঁচেও যেতে পারে..!
সেখানেই হাজির ছিলেন প্রাক্তন নৌসেনা ফিলিপ। আগুন দেখে আশপাশের লোকজনের সঙ্গে তিনিও সেখানে উপস্থিত হন। কিন্তু এভাবে বারান্দা থেকে একটি শিশুকে পড়তে দেখবেন ভাবতে পারেননি। শিশুটিকে পড়তে দেখে তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষণ তৎক্ষণাৎ তাঁর ইন্দ্রীয়গুলিকে সক্রিয় করে তোলে। মুহূর্তেই দৌড়ে তিনি বিল্ডিংয়ের নিচে পৌঁছে যান। মাটি ছোঁয়ার আগে ধরে ফেলেন তিন বছরের জেমসন লং-কে। জীবন রক্ষা পায় লংয়ের। সেখানে উপস্থিত কেউ মোবাইলে গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন। পরে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ওই অগ্নিকাণ্ডে মা র্যাচেল মারা যান। তার তিন বছরের শিশুর সঙ্গে ৮ বছরের কন্যাও বেঁচে গিয়েছে। দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দু’জনেরই শরীরের কিছু জায়গা আগুনে ঝলসে গিয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। সূত্র: আনন্দবাজার।

