সেনবাগে গণধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ জুলাই ২০২০। আপডেট ১১:০৯
নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৪) গণধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি আকরাম (২৫) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত আকরাম উত্তর মানিকপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উত্তর মানিকপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৬ জুন সকালে বাড়ির সামনে থেকে ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে তুলে পার্শ্ববর্তী একটি কবরস্থানে নিয়ে গণধর্ষণ করে আকরাম, ফারুক ও ফাহিমসহ কয়েকজন। এ ঘটনায় ১১ জুন রাতে ধর্ষিতার মা বাদী হয়ে সেনবাগ থানায় একটি মামলা করেন। মামলার পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ফাহিম ও ফারুককে গ্রেপ্তার করলেও মামলার প্রধান আসামি আকরাম পলাতক ছিল।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, গণধর্ষণ মামলার প্রধান আসামি আকরাম অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ। পুলিশ উত্তর মানিকপুর এলাকায় পৌঁছলে কোন কিছু বুঝে উঠার আগে আকরাম ও তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। প্রায় ১০-১৫মিনিট ধরে চলা বন্দুকযুদ্ধে টিকতে না পেরে পালিয়ে যায় হামলাকারীরা।
ওসি আরও জানান, পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে আকরামকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি এলজি, দুইটি কার্তুজ, একটি চাইনিজ কুড়াল ও ছয়টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধের সময় সেনবাগ থানার এক এএসআই ও দুই কনস্টেবল আহত হয়েছেন।

