আরও চারদিন টানা বৃষ্টি থাকবে উত্তরাঞ্চলে
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ জুলাই ২০২০। আপডেট ১১:০০
আগামী মঙ্গলবার (১৪ জুলাই) পর্যন্ত দেশের উত্তরাঞ্চলসহ সিলেট ও ময়মনসিংহ জেলায় মৌসুমি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এরপর কয়েকদিন বৃষ্টিপাত বন্ধ এবং আগামী শনিবার থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘এখন বর্ষা মৌসুম। তাই মৌসুমি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ১৪ তারিখ পর্যন্ত দেশের রংপুর ও তার আশপাশের জেলায়, সিলেট, ময়মনসিংহ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর কয়েকদিন বৃষ্টিপাত বন্ধ থাকতে পারে। ১৯ তারিখ থেকে আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।’
এসব জেলার বৃষ্টিপাতের কিছু প্রভাব পড়বে রাজধানীতে। আবহাওয়াবিদ আরিফুলের দেয়া তথ্যমতে, ১৪ তারিখ পর্যন্ত রাজধানীতে হঠাৎ হঠাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৯ তারিখ থেকে পুনরায় দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্ব ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকাতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

