সাগরপথে ইতালিতে ৩৬২ বাংলাদেশিসহ ৫শ অভিবাসী!

সাগরপথে ইতালিতে ৩৬২ বাংলাদেশিসহ ৫শ অভিবাসী!

উত্তরদক্ষিণ। শনিবার, ১১ জুলাই ২০২০। আপডেট ১৯:৩৮

জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, গত দুই দিনে সাগরপথ পাড়ি দিয়ে ইতালির লাম্পেদুসা দ্বীপে পাঁচশ’রও বেশি অভিবাসী পৌঁছেছে। এর মধ্যে বাংলাদেশি রয়েছে ৩৬২ জন। ইতালির স্থানীয় সংবাদমাধ্যম দ্য লোকাল জানিয়েছে, গ্রীষ্মকালে ভূমধ্যসাগর শান্ত থাকার সুযোগ নিয়ে এসব অভিবাসী ইতালি পৌঁছেছে।

দ্য লোকাল বলছে, গ্রীষ্মের শুরু থেকেই লাম্পেদুসা দ্বীপে বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীদের সরাসরি পৌঁছানো বেড়েছে। একই সময়ে সিসিলি থেকে আরও উত্তর পর্যন্ত এলাকা থেকে আরও অনেককেই উদ্ধার করেছে বিভিন্ন উদ্ধারকারী দাতব্য জাহাজ।

শুক্রবার (১০ জুলাই) জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার তিউনিসিয়া থেকে ১১৬ জনকে নিয়ে ৯টি নৌকা পৌঁছায়। আর শুক্রবার তিউনিসিয়া থেকে ৭টি নৌকা এবং লিবিয়া থেকে দুটি অপেক্ষাকৃত বড় নৌকায় আরও ৪৩৪ জন পৌঁছায়। লিবিয়ার একটি নৌকায় ৯৫ জন এবং অপরটিতে ২৬৭ জন বাংলাদেশি রয়েছে।

আইওএম মুখপাত্র ফ্লাবিও ডি জিয়াকোমো ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গত বছরের তুলনায় অভিবাসন প্রত্যাশীদের আগমন বাড়ছে। তবে আগের দুই বছর আগের তুলনায় অনেক কম।’

আইওএম মুখপাত্র বলেন, গত ৪৮ ঘণ্টায় স্বাভাবিকের তুলনায় তিউনিসিয়া থেকে বেশি করে ছোট আকারের নৌকা পৌঁছাচ্ছে। আবার একই সময়ে লিবিয়া থেকে বড় নৌকায় ২৬০ জনেরও বেশি মানুষ আসছে। তবে এগুলো অভিবাসী পৌঁছানো বাড়তে থাকার কোনও লক্ষণ কিনা তা ধারণা করা কঠিন। তিনি বলেন, তিউনিসিয়া থেকে সবসময়ই মানুষ আসে…কখনও কম আবার কখনও বেশি। আর বাংলাদেশিদের ইতালি পৌঁছানোর ঘটনা নতুন নয়।

ইতালিতে চলতিবছর এ পর্যন্ত প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছে। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৩ হাজার। আর ২০১৮ সালে এই সংখ্যা ছিল প্রায় ১‌৭ হাজার। তথ্য সহায়তা বাংলাট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading