ক্রিকেটারদের জন্য মনোবিদ নিয়োগের সিদ্ধান্ত বিসিবি’র
উত্তরদক্ষিণ। শনিবার, ১১ জুলাই ২০২০। আপডেট ১৯:৫০
প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে গেল মার্চ মাস থেকে ক্রিকেট বন্ধ। তাই খেলোয়াড়রও ঘরবন্দি। দীর্ঘ সাড়ে ৩ মাসেরও বেশি সময় ধরে বাসায় থাকার ফলে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়াটা স্বাভাবিক বিষয়। বিষয়টি মাথায় রেখে মনোবিদ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১১ জুলাই) বিষয়টি জানিয়েছেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
করোনাভাইরাসের প্রার্দুভাব কবে নাগাদ শেষ হবে, আর কবে নাগাদ ক্রিকেট মাঠে ফিরবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই দেশের খেলোয়াড়দের জন্য মনোবিদ নিয়োগের সিদ্ধান্ত নিলো বিসিবি। কানাডাপ্রবাসী মনোবিদ আলী আজহার খানকে নিয়ে ভাবছে বিসিবি। কারণ অতীতে দু’বার বাংলাদেশ দলের সাথে কাজ করেছেন আজহার।
প্রথমে নারী জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দলের জন্য মনোবিদ নিয়োগের পরিকল্পনা রয়েছে বিসিবি’র। যদি সাফল্য পাওয়া যায়, তবে পুরুষ জাতীয় দলকেও এর আওতায় আনা হবে।
বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, প্রাথমিক পর্যায়ে নারী দল ও অনূর্ধ্ব-১৯ দলের সাথে আজহারের পাঁচটি সেশন হবে। সুবিধাজনক হলে, পরবর্তীতে সেশনের চিন্তা-ভাবনা করা হবে।
মনোবিদের প্রতিটি ক্লাসে আপাতত ২৫জন ক্রিকেটার থাকবে। ২০১৪ সালে প্রথম বিসিবির সাথে কাজ করেন মনোবিদ আজহার। এরপর ২০১৮ সালের অক্টোবরে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আবারো আজহারকে যুক্ত করে বিসিবি। খেলোয়াড় জানায়, আজহারের ক্লাস থেকে উপকৃত হয়েছেন। সূত্র: বাসস।

