সাতসকালে ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খালে, আহত ১০
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । ০৯:৫০
কুমিল্লা-সিলেট মহাসড়কের রাহ্মণবাড়িয়ায় সুহিলপুর এলাকার মৌলভীবাড়ি নামক স্থানে যাত্রীবাহী বাস খালে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
রবিবার (১২ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে বাসটির ভেতরে কোনো যাত্রী আটকে পড়ে আছে কি-না সেটি জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা বাসষ্ট্যান্ড থেকে ঢাকা উত্তরা যাওয়ার পথে তিতাস পরিবহনের একটি যাত্রী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের একটি ছোট সেতুর পাশে খাদে পড়ে অর্ধেকটা পানিতে তলিয়ে যায়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন।
এ সময় বাসে থাকা নারী শিশুসহ অন্তত ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে তারা সকলেই শংকামুক্ত।
দুর্ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও হাইওয়ে পুলিশ স্থানীয়দের সাথে উদ্ধার তৎপরতায় যোগ দেন।

