এবার করোনায় আক্রান্ত হলেন অনুপম খেরের মা-ভাই
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । ২২:০৫
বচ্চন পরিবারের পর এবার করোনায় আক্রান্ত হলেন বলিউড তারকা অনুপম খেরের পরিবারের সদস্যরা। এখন অনুপম রেহাই পেলেও করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতার মা, ভাই সহ পরিবারের আরও কয়েক জন সদস্য। ইতিমধ্যেই মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতার মা’কে। খবর আনন্দবাজারের।
টুইটারে নিজেই একথা জানিয়েই এক ভিডিয়ো বার্তায় অনুপম বলেন, ‘ক্ষিদে কমে গিয়েছিল মায়ের। অসুস্থ বোধ করছিলেন। এর পরই গতকাল তাঁকে নিয়ে যাই চেকআপে। তার পরেই ধরা পড়ে মৃদু করোনা সংক্রমণ রয়েছে মায়ের শরীরে। সঙ্গে সঙ্গে তাঁকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত স্থিতিশীল আছেন মা।’’
শুধু মা-ই নন, করোনায় আক্রান্ত হয়েছেন অনুপমের ভাই রাজু, ভাইয়ের স্ত্রী এবং ভাইঝিও। অনুপম আপাতত নিজের বাড়িতেই কোয়রান্টিনে রয়েছেন। অনুরাগীদের কাছে অনুপমের অনুরোধ, “আপনারা সবাই আপনাদের পরিবারের প্রবীণ সদস্যদের দিকে খেয়াল রাখুন। সামান্যতম সমস্যা চোখে পড়লেই চিকিৎসা করান। পরামর্শ নিন চিকিৎসকের। যে হারে করোনার প্রকোপ বাড়ছে তাতে এভাবে না চললে কোনও দিনই করোনামুক্ত হবে না দেশ।’’

