সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ । ১৫:৪০
আজ মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী।
গত বছরের এই দিনে (সকাল ৭টা ৪৫ মিনিটে) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
দিবসটি উপলক্ষে এদিন সকালে রংপুরের পল্লী নিবাসে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে জেলা ও মহানগর জাতীয় পার্টির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় দলটির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে কবর জিয়ারত শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে দিনটি পালনে জাতীয় পার্টি, এরশাদ ট্রাস্ট ও ব্যক্তিগতভাবে বেগম রওশন এরশাদসহ দেশব্যাপী নানা কর্মসূচি নেয়া হয়েছে।

