স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ। বুধবার (২২ জুলাই) ২০২৬, আপডেট ২৩:৫০
স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা সত্যিকার অর্থে শক্তিশালী হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আয়োজনে স্থানীয় সরকার শক্তিশালীকরণবিষয়ক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, উন্নত দেশগুলোতে স্থানীয় সরকারই প্রশাসন, বিচার, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের মূল ভিত্তি হিসাবে কাজ করে। অথচ, স্বাধীনতার পর বাংলাদেশে স্থানীয় সরকারকে সেই কাঙ্খিত শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এখন সময় এসেছে স্থানীয় সরকারকে প্রকৃত অর্থে ক্ষমতায়নের।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সবচেয়ে কাছের প্রতিনিধি হচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। জনগণের সমস্যা, চাহিদা ও সম্ভাবনা সম্পর্কে তাদের মতো আর কেউ এতটা জানেন না। তাই দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকারকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে।
ইউডি/এবি

