সাহেদকে নিয়ে অভিযান : ১ লাখ ৪৬ হাজার টাকার জাল নোট উদ্ধার
উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ জুলাই ২০২০ । আপডেট ১৯:৩০
সাহেদকে নিয়ে উত্তরায় একটি ভবনে অভিযান চালিয়ে ১ লাখ ৪৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে র্যাব।
বুধবার (১৫ জুলাই) দুপুর ৩টার দিকে র্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক (ডিজি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতারকৃত সাহেদের দেয়া তথ্যানুযায়ী রাজধানীর উত্তরার একটি বহুতল বাড়িতে অভিযান চালিয়ে এসব জাল টাকার নোট উদ্ধার করা হয়।
বুধবার সকালে সাহেদের গ্রেফতারের পর থেকে উত্তরা পশ্চিম থানার সেক্টর -১১ এর ২০ নম্বর সড়কের ৬২ নম্বর ‘সিএইচএল বাইতুল ইহসান’ (কুমিল্লা হোল্ডিং এ্যাপার্টমেন্ট) ভবনটি ঘিরে রাখে র্যাব সদস্যরা। পরবর্তীতে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো: সাহেদ ওরফে সাহেদ করিমকে সাথে নিয়ে ওই বহুতল ভবনের ৪ (এ) ফ্লাটে অভিযান চালায় র্যাব । দুপুর সাড়ে ১২টা থেকে অভিযান শুরু হয়ে ১টার দিকে অভিযান শেষ হয়।
জানা গেছে, আজ দুপুর ১২টা ২৬ মিনিটে র্যাব সাহেদকে নিয়ে ওই ভবনের ভেতরে প্রবেশ করে। তখন তিনি বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরা ছিলেন। অভিযানকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমও উপস্থিত ছিলেন।
উত্তরায় অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্ণেল সারোয়ার বিন কাশেম। এছাড়া র্যাব সদরদপ্তর এবং র্যাব-১ এর উর্ধ্বতন কর্মকর্তারা সঙ্গে ছিলেন। খবর বাসস-এর।

