গণপরিবহন নয়, ঈদে বন্ধ থাকবে শুধু পণ্য পরিবহন

গণপরিবহন নয়, ঈদে বন্ধ থাকবে শুধু পণ্য পরিবহন

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ জুলাই ২০২০ । আপডেট ২০:১০

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে আসন্ন ঈদুল আজহার পাঁচ দিন আগে থেকে এবং ঈদের তিন দিন পর পর্যন্ত মোট ৯ দিন গণপরিবহন নয়, বন্ধ থাকবে যেকোনো ধরনের পণ্যবাহী যানবাহন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রথমে গণপরিবহন বন্ধের কথা জানালেও পরে পণ্যবাহী যানবাহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, কোরবানির ঈদের ৯ দিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কোরবানির পশু পরিবহনের যানবাহন ছাড়া পণ্য পরিবহনের অন্য সব যান বন্ধ রাখবে সরকার; এই সময় গণপরিবহন চলাচল অব্যাহত থাকবে।

ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ নিয়ে বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে এক বৈঠকের শুরুতে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ঈদের আগে-পরে নয় দিন গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছিলেন। তবে সভা শেষে তিনি গণমাধ্যমকে বলেন, “ঈদের আগে-পরে ৯ দিন পণ্য পরিবহন বন্ধ থাকবে। ঈদের আগের পাঁচ দিন ও পরের তিন দিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কোরবানির পশুর ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান ফেরিতে চলাচল বন্ধ থাকবে। নদীতে যাত্রীবাহী লঞ্চ চলবে কিন্তু পণ্যবাহী জাহাজ চলবে না।”

সভার শুরুতে প্রতিমন্ত্রীর বক্তব্যের উপর ভিত্তি করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়েছিল।

আগের বক্তব্য থেকে সরে আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বৈঠকে ওই প্রস্তাব (গণপরিবহণ বন্ধের) উত্থাপিত হয়েছিল। তবে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নদীতে যাত্রীবাহী লঞ্চ চলবে, কিন্তু পণ্যবাহী জাহাজ চলবে না।” সূত্র – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading