বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হয়েছে: জাপা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২০। আপডেট ১৮:১৮
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি বলেছেন, দেশে করোনা টেস্টে নিয়ে মারাত্মক কেলেংকারী হয়েছে। তাই এখন আর বিদেশে আমাদের দেশের করোনা টেস্টের রিপোর্ট গ্রহণ করা হয় না। করোনা টেস্টের ভুয়া রিপোর্টের জন্য বিদেশে বাংলাদেশের সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বানানীর দলীয় কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ আয়োজিত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর স্মরণ সভায় এ কথা বলেন তিনি।
করোনা মহামারি রোধে সরকারের সমন্বয়হীনতার প্রসঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, এক্ষেত্রে কোনও সমন্বয় নেই। স্বাস্থ্যখাতের সংশ্লিষ্টরা নিজেরাই স্বীকার করছে- তাদের সমন্বয়হীনতার কথা।
জিএম কাদের আরও বলেন, কাঁচা চামড়া রপ্তানীর অনুমতি না থাকায় কোরবানীর ঈদের চামড়া ব্যবসায়ীরা যৌক্তিক মূল্যে চামড়া ক্রয় করে না। কাঁচা চামড়া বেশি দিন সংরক্ষণ করা যায় না। তাই রপ্তানীর অনুমতি না থাকায় স্বল্প মূল্যে কাঁচা চামড়া বিক্রি করতে বাধ্য হয় সবাই।
সভায় জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি- ছাত্রদের ফ্রি ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
জাতীয় ছাত্রসমাজের সভাপতি ইব্রাহিম খাঁন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল মামুনের সঞ্চালনায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ছাত্রসমাজ আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণ সভায় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, ছাত্রবিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক আল জুবায়ের প্রমুখ।

