আজিমপুরে ‘গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে’, রিজভীর মন্তব্য
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২০। আপডেট ১৮:৩৭
আওয়ামী লীগ সরকার আজিমপুর কবরস্থানে ‘গণতন্ত্রকে কবর’ দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গণতন্ত্র কোথায়? এটা তো তারা অনেক আগেই আজিমপুর কবরস্থানে কবর দিয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। ‘করোনা সনদ বিক্রি, অর্থ ও মানব পাচার এবং মহাদুর্নীতি প্রকোপ বৃদ্ধির প্রতিবাদ’ শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত হয়ে রিজভী বলেন, ‘এখন মানুষ যতটুকু মত প্রকাশ করতে যাচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের কালো রশির ফাঁসি তার মাথার ওপর ঝুলিয়ে রাখছে। কথা বললেই মিথ্যা মামলা, গ্রেফতার। সহজে জামিন হবে না। প্রতিবাদ- এসব সহ্য করে না সরকার।’
রিজভীর মন্তব্য, ‘প্রতিবাদ করলেই বেরিয়ে আসবে সাহেদ, ডা. সাবরিনার মত রূপকথা। গত ১২ বছরে সরকার আরো কত সাহেদ-সাবরিনা তৈরি করে রেখেছে তা বলা মুশকিল।’ সরকারি হাসপাতালগুলো নরকে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, প্রাইভেট হাসপাতালগুলোতেও এমনভাবে বিল উঠানো হয় যে, মানুষ বেঁচে থাকলে মরার মত। এদিকে সরকারের কোনও নজর নেই।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, স্বেচ্ছাসেবক দল উত্তরের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

