ভাবির পর ভাই আক্রান্ত: সৌরভ পরিবার কোয়ারেন্টাইনে
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২০। আপডেট ১৯:১৭
প্রাণঘাতি করোনাভাইরাস পিছু ছাড়ছে না ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীর পরিবারের। ভাইয়ের স্ত্রীর পর এবার কভিড-১৯ আক্রান্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলীর বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলীও। বেসরকারি হাসপাতাল বেলে ভুইতে ভর্তি করা হয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের যুগ্ম সচিব স্নেহাশিসকে। একই বাড়িতে থাকতেন স্নেহাশিস ও সৌরভ। তাই সৌরভের পুরো পরিবার হোম কোয়ারেন্টাইনে আছেন।
সিএবির এক শীর্ষ কর্মকতার বরাত দিয়ে এনডিটিভি ও আনন্দবাজার বৃহস্পতিবার (১৬ জুলাই) খবর দিয়েছে, ‘গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন স্নেহাশিস। করোনা পরীক্ষায় স্নেহাশিসের রিপোর্ট পজিটিভ আসে। তাই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’
বড় ভাই’র করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া মাত্রই নিজেকে গৃহবন্দি করেন সৌরভ।
গেল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন স্নেহাশিসের স্ত্রী ও তার শ্বাশুড়িসহ মোট চারজন। তারা সুস্থ হলেও, করোনায় আক্রান্ত হয়ে পড়লেন স্নেহাশিস। এক বাসায় থাকার কারণে এখনও অনেকটা ঝুঁকিতে আছেন সৌরভ।

