প্রবীণদের নমুনা বাসা থেকে সংগ্রহের নির্দেশ মন্ত্রণালয়ের

প্রবীণদের নমুনা বাসা থেকে সংগ্রহের নির্দেশ মন্ত্রণালয়ের

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২০। আপডেট ১৮:৫৭

করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর ঝুঁকি এড়াতে প্রবীণ অর্থাৎ ৫০ বছরের বেশি বয়সী মানুষের নমুনা বাসা থেকে সংগ্রহের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির ফোকাল পয়েন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত চিঠিতে বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সরকারি সংবাদ সংস্থা জানায়, মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশে জানানো হয় যে, প্রবীণরা কোভিড-১৯ আক্রান্ত হচ্ছে বেশী এবং বিভিন্ন কারণে তারা কোভিড পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের স্থানে যেতে সক্ষম হচ্ছেন না। যার ফলে প্রবীণদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে। এজন্য তাদের সহজভাবে অথবা বিশেষভাবে কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করা এবং সম্ভব হলে বাড়ি থেকে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা প্রয়োজন। ‘এমতাবস্থায় প্রবীণ (৫০ বছর থেকে তদুর্ধ্ব) ব্যক্তিদের করোনা পরীক্ষার জন্য বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

অপর এক চিঠিতে জানানো হয়, কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেওয়া থেকে পরীক্ষার ফলাফল পাওয়া পর্যন্ত অনেক বেশি সময় লেগে যাচ্ছে। এক্ষেত্রে পরীক্ষার ফল দ্রুত রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানোর ব্যবস্থা একান্ত প্রয়োজন। নমুনা পরীক্ষার ফল দ্রুততম সময়ে (৭২ ঘণ্টার মধ্যে) আইইডিসিআরে পাঠানোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading