‘করোনার কারণে গত অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি’

‘করোনার কারণে গত অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি’

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ০৯:৫০

গত ২০১৯-২০ অর্থবছরে দেশের মোট রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৫৪ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু বিশ্ব বাণিজ্যে কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাবে সে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, ‘বিশ্ব বাণিজ্যে কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাবের ফলে বিগত মার্চ, এপ্রিল এবং মে মাসে পণ্য খাতের রপ্তানি আয় হ্রাস পেয়েছে, তবে জুন মাস থেকে তা বৃদ্ধি পেতে শুরু করেছে। আশা করা যায়, সঠিক নীতি অনুসরণ এবং সময় মতো তা বাস্তবায়ন নিশ্চিত করা গেলে রপ্তানির গতি বৃদ্ধি করা সম্ভব হবে।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) জুম প্লাটফর্মে ২০২০-২০২১ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, চলতি ২০২০-২০২১ অর্থবছরে মোট রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে পণ্য রপ্তানি খাতে ৪১ বিলিয়ন এবং সেবা রপ্তানি খাতে ৭ বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রা রয়েছে। প্রবৃদ্ধি ধরা হয়েছে পণ্য রপ্তানি খাতে ২১.৭৫ শতাংশ এবং সেবা রপ্তানিতে খাতে ৯.৪৬ শতাংশ।

‘বিশ্ব বাণিজ্যের সাম্প্রতিক গতিধারা, দেশীয় এবং বৈশ্বিক অর্থনীতিতে কোভিড-১৯ এর প্রভাব, প্রধানমন্ত্রী ঘোষিত লক্ষাধিক কোটি টাকার আর্থিক প্রণোদনা, রপ্তানি সম্ভাবনাময় নতুন পণ্য ও সেবা খাতের বিকাশ, বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্সের পর্যালোচনা মোতাবেক গৃহীত স্বল্প ও মধ্যমেয়াদী পদক্ষেপসহ গত বছরের রপ্তানি খাতে অর্জিত প্রবৃদ্ধির গতিধারা পর্যালোচনা করে এ রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে,’ যোগ করেন টিপু মুনশি।

তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, চলতি অর্থবছরের ৬ মাস পর বিশ্ব অর্থনীতি এবং আমাদের রপ্তানির গতিচিত্র পর্যালোচনা ও বিশ্লেষণ করে আজ ঘোষিত ৪৮ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ করা হবে। সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা থাকলে ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।’ সূত্র – ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading