ঢাবি’র সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমদ মারা গেছেন
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ১০:১০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন। দিদার বলেন, ’এমাজউদ্দিন স্যার রাত ২টার দিকে অসুস্থ বোধ করেন। বমি ও পেট খারাপ হলে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৭টা ৩২ মিনিটে মারা যান তিনি।’
এমাজউদ্দীন আহমদের মেয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন জানান, বাদ জুমা রাজধানীর কাঁটাবনে মরহুমের বাসভবন সংলগ্ন বাজমে কাদেরিয়া জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমকে তার স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হবে।
এমাজউদ্দীন আহমদ ১৯৩৩ সালের ১৫ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের মালদা জেলায় জন্মগ্রহণ করেন। ১ নভেম্বর ১৯৯২ থেকে ৩১ আগস্ট ১৯৬৬ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯২ সালে একুশে পদক পান। সূত্র – বাংলা ট্রিবিউন।

