রাষ্ট্রপতির ভাইয়ের মৃত্যুতে স্পিকার ও সেতুমন্ত্রীর শোক
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ১৬:৫৫
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও ব্যক্তিগত সহকারী সচিব (এপিএস), বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোক প্রকাশ করেছেন। এছাড়াও পৃথকভাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ অনেকেই শোক প্রকাশ করেছেন।
শুক্রবার (১৭ জুলাই) স্পিকার এক শোকবার্তায় আবদুল হাইয়ের রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্পিকার ও ডেপুটি স্পিকার থাকাকালীন তার সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই। তিনি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ছিলেন। হাজী তায়েব উদ্দিন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য এবং শিক্ষক ছিলেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
একইভাবে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই মুক্তিযোদ্ধা আবদুল হাই’র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

