বাড্ডায় বাসায় ঢুকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ১৯:২০
রাজধানীর বাড্ডায় এক সপ্তাহ আগে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে রাজধানীর খিলগাঁও, রামপুরা ও বনশ্রী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার (১৭ জুলাই) বাড্ডা থানার ওসি মো. পারভেজ ইসলাম জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- খন্দকার জিয়াউর রহমান ওরফে রফিকুল আলম ওরফে মশিউর মিশু (৩৯), ফয়সাল (২৮), আল আমিন (২৫) ও রানা হোসেন (২৫)।
ওসি পারভেজ ইসলাম জানান, ১০ জুলাই রাতে বাড্ডার দুই নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির ৫ম তলার একটি ফ্ল্যাটে ৭ থেকে ৮ জনের ডাকাতদল প্রবেশ করে মজিবুর রহমান, তার স্ত্রী ও দুই সন্তানের হাত-পা ও মুখ বেঁধে নগদ, টাকা সোনার গহনা, মোবাইল ফোনসহ মোট ২ লাখ ৯৬ হাজার ৭শ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
ওসি বলেন, গ্রেপ্তারের সময় লুট হওয়ার মালামালের মধ্যে তিনটি মোবাইল ফোন, একটি রাউটার, দুটি ল্যাপটপ, সোনার চুড়ি দুটি, কানের দুলসহ কিছু মালামাল উদ্ধার হয়। এছাড়া তাদের কাছে থেকে দেশি অস্ত্রও উদ্ধার করা হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী, ওই ডাকাতদলের নেতা মশিউর রহমান মিশুর নামে বাড্ডা, রামপুরা ও খিলগাঁও থানায় অস্ত্র, মাদক ও প্রতারণারসহ মোট ৭টি মামলা রয়েছে। একেক এলাকায় মিশু একেক নাম দিয়ে থাকে।
‘ডাকাতনেতা’ মশিউর মিশুর বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়। বাকিদের সঠিক কোনও ঠিকানা নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে ওই চক্রটি রাজধানীসহ আশপাশের এলাকায় চুরি-ডাকাতির সঙ্গে জড়িত বলে বাড্ডা থানার ওসির দাবি।

