স্পেনে করোনায় আক্রান্ত প্রায় ১ লাখ ‘মিঙ্ক’ হত্যার সিদ্ধান্ত!
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ১৮:৫০
স্পেনে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়া দেশটির উত্তর-পূর্ব অঞ্চলের একটি খামারে প্রায় ১ লাখ মিঙ্ক (বেজি জাতীয় প্রাণী) হত্যা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। ওই প্রাণীগুলোর মধ্যে প্রায় ৯০ ভাগ করোনাভাইরাসে আক্রান্ত। এমনকি ওই খামারের কর্মচারীরা অনেকে করোনা পজিটিভ হওয়ার পরই দেশটির স্বাস্থ্য বিভাগ প্রাণীগুলো হত্যার সিদ্ধান্ত নেয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যমটি শুক্রবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে জানায়, ইউরোপের কিছু দেশে বেজি জাতীয় আধা জলজ প্রাণী ‘মিঙ্ক’ খামারে পালন করা হয় মূলত এর পশমের জন্য।
স্পেনের আরাগন প্রদেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের বিষয়টি প্রথম জানা যায়, যখন একটি খামারের এক কর্মচারীর স্ত্রী’র করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ওই নারীর স্বামীসহ খামারের আরো কয়েকজন কর্মচারী কোভিড-১৯ পজিটিভ হন। ওই ঘটনার পর কিছুদিন মিঙ্কগুলোকে আইসোলেশনে নেয়া হয় এবং কিছুদিনের জন্য পর্যবেক্ষণে রাখা হয়। এরপর গত ১৩ জুলাই পরীক্ষার পর যখন জানা যায়- ৯২ হাজার ৭০০ মিঙ্কের মধ্যে ৮৭ ভাগই করোনাভাইরাস পজিটিভ। স্বাস্থ্য কর্তৃপক্ষ তখন সবগুলো প্রাণীকে হত্যার নির্দেশ দেয়।
আরাগন অঞ্চলের কৃষি বিষয়ক মন্ত্রী হোয়াকিন ওলোনা বৃহস্পতিবার (১৬ জুলাই) সাংবাদিকদের বলেন, মিঙ্কগুলো হত্যার সিদ্ধান্ত নেয়া হয়েছে যেন ‘মানুষের মধ্যে সংক্রমণের ঝুঁকি’ এড়ানো যায়। প্রাণী থেকে সরাসরি মানুষের মধ্যে এই রোগ সংক্রমণের ঝুঁকি রয়েছে কিনা, সেবিষয়ে এখনো নিশ্চিত হয়ে কিছু বলা সম্ভব নয় বলেও জানান ওলোনা।
তবে তিনি ধারণা করেন- খামারের কোনও একজন কর্মী অনিচ্ছাকৃতভাবে প্রাণীগুলোর মধ্যে রোগ সংক্রমণ করেছে। আবার প্রাণীগুলোর মাধ্যমে খামারের কর্মীদের সংক্রমিত হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেননি তিনি। যদিও এই তত্ত্ব এখনও প্রমাণিত নয়।
প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমণ সম্পর্কে কী জানা যায়?
নভেল করোনাভাইরাস কুকুর ও বিড়ালসহ কয়েকটি প্রাণীর মধ্যে সংক্রমিত হয় বলে গবেষণায় জানা গেছে। তবে প্রাণী থেকে মানুষে সংক্রমিত হওয়া সম্পর্কে বিশেষ জানা যায় না। এই সম্পর্কে এখনো গবেষণা চলছে।
এর আগে ডেনমার্ক আর নেদারল্যান্ডসের মিঙ্ক খামারে কর্মীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। নেদারল্যান্ডসে বিভিন্ন মিঙ্ক খামারে কর্মীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ হওয়ার পর গত কয়েকমাসে হাজার হাজার মিঙ্ক হত্যা করা হয়েছে। মে মাসে নেদারল্যান্ডস সরকার মিঙ্ক থেকে কর্মীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের সন্দেহ হওয়ার পর মিঙ্ক হত্যার সিদ্ধান্ত নেয়।
বিশ্ব স্বাস্থ সংস্থার মতে, এটি হতে পারে ‘প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমণের প্রথম স্বীকৃত উদাহরণ’। জুন মাসে সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ বলেন, “মানুষ যেমন মিঙ্ককে সংক্রমিত করেছে, তেমনি কিছু মিঙ্কও মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণ করেছে।” সেসময় ডা. কেরভখোভ বলেন, “সংক্রমণের হিসেবে এর অর্থ আসলে কী, সেবিষয়ে এখনো বিস্তারিত জানি না আমরা।”

