পাবনায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত

পাবনায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ১৯:৪০

পাবনার সুজানগরে এক ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টার চারদিনের মাথায় এবার ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে সুজানগর বাজারে উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনের ব্যক্তিগত কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

আহত শামিম হাসান সুজানগর উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের কামারদুলিয়া গ্রামের আব্দুল হাই মৃধার ছেলে। তিনি পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুজানগর থানার ওসি বদরুদ্দোজা বলেন, ঘটনা মৌখিকভাবে শুনেছি। তবে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা ছাত্রলীগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আহত শামিম হাসান সাংবাদিকদের জানান, তিনি সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হওয়ার ইচ্ছা পোষণ করায় একটি পক্ষ তার উপর ক্ষিপ্ত হয়। তারা তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায় বলে তার অভিযোগ। তিনি বলেন, আমার প্রতিপক্ষের ১০/১২ জন ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী চাপাতি ও দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। তারা এলোপাথাড়ি কুপিয়ে জখম করার পর আমি অচেতন হয়ে পড়ি। তবে হামলাকারী কারো নাম বলতে পারেননি তিনি।

শামিম হাসানের বাবা আব্দুল হাই মৃধা বলেন, ছেলের অবস্থা খুবই খারাপ। শুধু রাজনৈতিক প্রতিহিংসায় আমার ছেলেকে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

পাবনা জেনারেল হাসপাতালের অর্থোপেডিক সার্জন মেহেদী হাসান রুমী বলেন, আহত শামিম হোসেনের মাথায় ৩২টি সেলাই দেওয়া হয়েছে। তার অবস্থা কিছুটা উন্নতির দিকে।

এর আগে গত সোমবার সুজানগর উপজেলার আহমেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেনের উপর তার কার্যালয়ে হামলা চালানো হয়। গুরুতর অবস্থায় তিনি এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading