করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ২১:১৫
রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক কোহেল করিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (১৭ জুলাই) বিকাল সোয়া ৩টায় পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। ডা. রাহাত বলেন, ‘ডা. কোহেল করিম ময়মনসিংহ মেডিকেল কলেজের ২২তম ব্যাচের ছাত্র ছিলেন। আজ বিকালে পপুলার হাসপাতালের আইসিইউ-তে লাইফ সাপোর্টে থাকাবস্থায় মারা যান তিনি।’
ডা. কোহেল করিমকে নিয়ে করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার (১৭ জুলাই) এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬৭ জন চিকিৎসক মারা গেছেন। এছাড়া, করোনা উপসর্গ নিয়ে দেশে আরও ১০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে এফডিএসআর সূত্রে জানা গেছে।

