সরকার করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে: তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ২১:৪৫
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। তিনি বলেন, অনেকেই ঘরে বসে টেলিভিশনে উঁকি দিয়ে সমালোচনা করেন। তারা ঘর থেকেও বের হন না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সবারই সম্মিলিত প্রচেষ্টায় মহামারি দুর্যোগ মোকাবিলা করার জন্য আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানে যারা সাড়া দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
তথ্যমন্ত্রী শুক্রবার (১৭ জুলাই) বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড. হাছান আরো বলেন, স্বাস্থ্য খাতে জেকেজি ও রিজেন্ট গ্রুপের অনিয়মগুলো সরকারই উদ্ঘাটন করেছে। কোনও পত্রিকার রিপোর্ট দেখে বা বিরোধী দল বলেছে- এরকম অনিয়ম হচ্ছে- সে কারণে এটি উদ্ঘাটন হয়নি। তিনি বলেন, ‘এখানে যাতে কোনও ধরণের অনিয়ম দুর্নীতি না থাকে, সেজন্য সরকারই উদঘাটন করেছে। অবশ্য আমি ব্যক্তিগতভাবে মনে করি, স্বাস্থ্য অধিদপ্তরের এ ব্যাপারে আরেকটু সতর্ক হওয়া প্রয়োজন ছিল।’
শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের উদ্যোগে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ১’শটি হাইফ্লো নজুল ক্যানুলা প্রদান, চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ এন্ড হসপিটালকে কোভিড-১৯ হাসপাতালে রূপান্তরের আনুষ্ঠানিক ঘোষণা, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন লাইন-এর উদ্বোধন ও কক্সবাজার জেলায় দুটি এ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন এসময়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম বিএমএ’র সভাপতি ডা. মুজিবুল হক, সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী, এসআলম গ্রুপের প্রতিনিধি আকিজ উদ্দিন প্রমুখ।

