সিরাজগঞ্জের এসপি করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ জুলাই ২০২০ । আপডেট: ১৫:০৫
সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) হাসিবুল আলম সপরিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) তার পরীক্ষার প্রতিবেদন আসে বলে তিনি নিজেই সাংবাদিকদের জানিয়েছেন।
পুলিশ সুপার বলেন, কয়েক দিন আগে তার স্ত্রী ও মেয়ের করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তারও পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। আক্রান্ত হওয়ার পর থেকে তিনি বাসায় থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দ্রুত আরোগ্য লাভের জন্য তিনি সবার দোয়া চেয়েছেন।
শনিবার (১৮ জুলাই) জেলার সিভিল সার্জন দপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা এসএম হুমায়ুন কবীর জানান, জেলায় এ পর্যন্ত চিকিৎসক, পুলিশ, আইনজীবী, ব্যাংকার, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২১ জন করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের।

