বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি: কাদের
উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ জুলাই ২০২০ । আপডেট: ১৫:৩৫
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলেও বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় কোনো ব্যবস্থা নেয়নি। মহামারীর মধ্যে স্বাস্থ্য খাতে দুর্নীতি নিয়ে বিএনপির সমালোচনার জবাবে শনিবার (১৮ জুলাই) ঢাকায় নিজের সরকারি বাড়িতে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, শুরু থেকেই একটি মহল সরকারের বিরুদ্ধে বিষোদগার করাকেই দেশ ও জনগণের প্রতি দায়িত্ব পালন হিসেবে ব্রত করে নিয়েছে। অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকে তারা সহযোগিতা ও সমর্থন না দিয়ে বরং অন্ধ সমালোচনা করছে। আমি জানতে চাই আপনাদের (বিএনপি) সময় তো দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, দুর্নীতিবাজদের অভয়ারণ্য ছিল। তখন কি এ ধরনের একটি সাহসী উদ্যোগ নিতে পেরেছিলেন? পেরেছিলেন দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কিছু করতে? পারেননি।
তিনি বলেন, যারা গ্রেনেড হামলার বিচার করতে গিয়ে জজ মিয়া নাটক সাজিয়েছে, চলমান অভিযানকে নাটক বলে পরিহাস করা তাদের মুখেই মানায়। যারা নাটক করে, নাটক সাজায় তারা সব কিছুতেই নাটক দেখতে পাবেন, এটাই স্বাভাবিক। অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক এবং কঠোর অবস্থানে। শেখ হাসিনা সরকারের কাছে কোনো অনিয়ম-দুর্নীতি প্রশ্রয় পাবে না বলেও ফের উল্লেখ করেন সরকারের এই প্রভাবশালী মন্ত্রী।
ঈদে সমাগম এড়ানো না গেলে করোনাভাইরাস সংক্রমণ উচ্চ মাত্রায় পৌঁছে যাবে বলেও দেশবাসীকে সতর্ক করেন সড়ক পরিবহনমন্ত্রী। সরকার গণপরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিলেও স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেককে ঈদযাত্রায় নিজের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানান তিনি।

