সংসদীয় গণতন্ত্রের নামে রাষ্ট্র ক্ষমতা একজনের হাতে: জাপা
উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ জুলাই ২০২০ । আপডেট: ১৬:০৫
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি বলেছেন, ১৯৯০ সালে হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেবার পরে দেশে সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয়েছে। একইসঙ্গে তিনি বলেন, ‘আমি বিশেষজ্ঞ নই। তবুও আমার মনে হয়েছে, আমাদের দেশের প্রেক্ষিতে এতে সংসদীয় গণতন্ত্রের নামে সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। সংসদীয় এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। রাষ্ট্র ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত হয়েছে।’
শনিবার (১৮ জুলাই) দুপুরে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় একটি কমিউনিটি সেন্টারে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন। জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাজী রমজান ভূঁইয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, ’৯৬ সালে জাতীয় পার্টির সমর্থন নিয়ে আওয়ামী লীগ ২১ বছর পরে ক্ষমতায় এসেছে। আমরা জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছি। কিন্তু তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ কর্মীরা জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে খারাপ আচরণ করছে, এটা দুঃখজনক।
এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হোসেন মঞ্জু, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।

