করোনায় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালকের মৃত্যু
উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ জুলাই ২০২০ । আপডেট: ১৮:০০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) সাবেক পরিচালক অধ্যাপক ডা. আবুল হোসেন খান (এএইচকে) চৌধুরী। রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ জুলাই) সকাল সোয়া ১০টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ডা. রাহাত বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজের ২৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ডা. আবুল হোসেন খান চৌধুরী। গত ১৮ দিন যাবৎ তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন স্বনামধন্য এই হৃদরোগ বিশেষজ্ঞ। ’
এফডিএসআর-এর তথ্য অনুযায়ী, ডা. আবুল হোসেনসহ করোনায় আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৬৮জন চিকিৎসক মৃত্যু বরণ করেছেন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন চিকিৎসক।

