ঈদে বাড়ছে না ট্রেন সার্ভিস, টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ নয়

ঈদে বাড়ছে না ট্রেন সার্ভিস, টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ নয়

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ জুলাই ২০২০ । আপডেট: ১৮:৪০

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য ঈদ উপলক্ষে এবার ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। একইসঙ্গে মন্ত্রী জানিয়েছেন, করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীরা টিকিট নিয়েই স্টেশনে প্রবেশ করতে পারবেন। টিকিট ছাড়া কোনওভাবেই স্টেশনে প্রবেশ করতে দেয়া হবে না। শনিবার (১৮ জুলাই) দুপুরে গাজীপুর থেকে ঢাকা পর্যন্ত তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের কাজ দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

এবার প্রত্যেককে তার কর্মস্থল এলাকায় ঈদ উদযাপন করতে সরকারিভাবে আহ্বান জানানোর প্রসঙ্গে টেনে রেলমন্ত্রী বলেন, এ কারণে এবার ঈদে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে না। এখন যেভাবে চলছে, ঈদেও সেভাবেই ট্রেন চলবে।

প্রতিবছরই ঈদের সময় গ্রামমুখী মানুষদের যাতায়াতের সুবিধার জন্য বিভিন্ন রুটে নিয়মিত ট্রেনের পাশাপাশি বিশেষ ট্রেন সার্ভিসও চালু করা হয়ে থাকে। তবে এবার সেই সার্ভিস থাকছে না।

রেলওয়ের জন্য শিল্পনগরী গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের গুরুত্বের কথাও তুলে ধরেন রেলমন্ত্রী। তিনি বলেন, এখান থেকে এত লোক ট্রেনে চলাচল করে যে তার গুরুত্ব অনুভব করেই ভবিষ্যতে গাজীপুরে আলাদা ট্রেন দিতে পারি। গাজীপুর ও ঢাকার মধ্যে প্রতিদিন ৬ থেকে ৭টি ট্রেন পরিচালনার পরিকল্পনা নিয়ে তার মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান সুজন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading