অতিরিক্ত ডিআইজি’র নেতৃত্বে দেশে এবার চালু হচ্ছে সাইবার থানা

অতিরিক্ত ডিআইজি’র নেতৃত্বে দেশে এবার চালু হচ্ছে সাইবার থানা

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ০৮:৩০

সাইবার অপরাধের ঘটনায় সরাসরি মামলা করার সুযোগ তৈরিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অধীনে একটি বিশেষ থানা চালু হচ্ছে। এই থানার দায়িত্বে থাকবেন একজন অতিরিক্ত ডিআইজি, যা পুলিশে এটাই প্রথম।

জানা গেছে, সাইবার থানার বিস্তারিত রূপরেখা নিয়ে একটি খসড়া তৈরির কাজ চলছে, যার চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। তাই ‘শিগগিরই’ পরীক্ষামূলকভাবে ঢাকায় একটি সাইবার থানা চালু করার চিন্তা-ভাবনা হচ্ছে।

এ নিয়ে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি শাহ আলম গণমাধ্যমকে জানান, পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রশাসনিক পুনবির্ন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) খসড়াটি পাস হওয়ার পর সাইবার থানার কার্যক্রম পুরোদমে চলবে। তবে নিকারে পাসের আগেই তা পরীক্ষামূলকভাবে চালু হবে।

শাহ আলম বলেন, এখন সিআইডির সাইবার ক্রাইম সেন্টার ভুক্তভোগীদের সমস্যা শুনে প্রতিকারের জন্য থানায় অভিযোগ করতে বা আদালতে মামলা করতে পরামর্শ দেয়। কিন্তু সাইবার থানা হলে ভুক্তভোগীরা সেখানেই মামলা করতে পারবেন। ফলে তার সেবা পাওয়া অনেক সহজ হয়ে যাবে।

এখন সাইবার ক্রাইম সেন্টারের হটলাইন ০১৭৩০৩৩৬৪৩১ নম্বরে দেশের যে কোনো প্রান্ত থেকে ফোন করে সাইবার অপরাধ সংক্রান্ত সমস্যায় পরামর্শ নেওয়া যায় বলে জানান তিনি।

সেক্ষেত্রে সারা দেশের মানুষের জন্য এই থানা থেকে সেবা নেওয়ার সুযোগ দিতে অনলাইনে মামলার ব্যবস্থা রাখা হবে কি না জানতে চাইলে ডিআইজি শাহ আলম বলেন, “আগে চালু হোক। পরে ধাপে ধাপে সব কিছু করা যাবে।”

তবে গত ৬ জুলাই সিআইডি প্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুবুর রহমান সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “সাইবার থানাটি ঢাকায় স্থাপন করা হলেও সারা দেশ থেকে ভুক্তভোগীরা অনলাইনে এই থানায় অভিযোগ দায়েরের সুযোগ পাবেন।” সূত্র – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading