রাণীশংকৈলে কুলিক নদীতে ডুবে সেনাসদস্যের মৃত্যু
উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ০৬:৫২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীতে ডুবে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। তার নাম আশিক রানা (২০), তিনি জেলার রাণীশংকৈল উপজেলার দক্ষিণ শালবাড়ী (ভান্ডারা) গ্রামের সাবেক সেনাসদস্য মোস্তফার ছেলে।
জানা যায়, শনিবার (১৮ জুলাই) দুপুরে রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা অমর স্কুলসংলগ্ন কুলিক নদীতে গোসলে নেমে তীব্র স্রোতের মুখে ডুবে যান তিনি। পরে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরাসহ স্থানীয়রা এক ঘণ্টা অভিযান চালিয়ে নদীর তলদেশ থেকে তার লাশ উদ্ধার করে।
আশিক রানা সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন এবং কয়েকদিন আগে গ্রামের বাড়িতে ছুটিতে গিয়েছিলেন। বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে আর ফিরলেন না তিনি।

