সীমান্তে গরু পাচার: ‘বিএসএফ’র ব্যর্থতা ঢাকতে বিজিবিকে দোষারোপ’

সীমান্তে গরু পাচার: ‘বিএসএফ’র ব্যর্থতা ঢাকতে বিজিবিকে দোষারোপ’

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ১৮:২০

ইন্ডিয়া থেকে সীমান্ত দিয়ে গরু পাচার হয়ে বাংলাদেশে আসার ক্ষেত্রে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) দায়ী করেছে ইন্ডিয়ান একটি সংবাদপত্র। গরু পাচারে বিজিবি’র সমর্থন আছে বলে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বিজিবি। গত ১৩ জুলাই ওই পত্রিকায় এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। এর প্রতিবাদ জানিয়ে বিজিবি বলেছে, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যর্থতা ঢাকার জন্যই দেশটির গণমাধ্যমে সংবাদটি প্রকাশ হতে পারে বলে অনুমেয়।’

রবিবার (১৯ জুলাই) বিজিবি সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। ওই খবরের প্রতিবাদে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ওই সংবাদে গত ৬ জুলাই বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি এসএস গুলেরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতির বরাত দেওয়া হয়। সেখানে বিএসএফ দাবি করে ইন্ডিয়া থেকে গরু পাচারে বিজিবি সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছে।’ বিজিবি বলছে, প্রকাশিত সংবাদ ও বিবৃতিটি সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে ইন্ডিয়ান চোরাকারবারিদের মাধ্যমে সীমান্ত এলাকায় ইন্ডিয়ার মাটিতে গরু সমাগম ও নদীপথে গরু পাচারে বিএসএফ-এর নিষ্ক্রিয়তা ও তৎপরতার অভাব নিঃসন্দেহে বিভিন্ন প্রশ্নের জন্ম দেয়। ইন্ডিয়ান গরু পাচারকারীরা অধিক মুনাফা লাভের আশায় বাংলাদেশে গরু পাচারে অতি উৎসাহী হয়। এতে করে আমাদের দেশীয় খামারগুলো প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়,’ বলেছে বিজিবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading