সাহাবুদ্দিন হাসপাতালে র‌্যাবের অভিযান, সহকারী পরিচালক আটক

সাহাবুদ্দিন হাসপাতালে র‌্যাবের অভিযান, সহকারী পরিচালক আটক

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ১৮:৪০

রাজধানীর গুলশানে সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন হাসপাতালে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রবিবার (১৯ জুলাই) র‌্যাব এই হাসপাতালে অভিযান চালায়। এ সময় র‌্যাবের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুমোদন না নিয়ে করোনাভাইরাস পরীক্ষা করার অভিযোগ পেয়ে ঢাকার গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে সহকারী পরিচালক আবুল হাসনাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আইনশৃঙ্খলা বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ গণমাধ্যমকে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রবিবার (১৯ জুলাই) বিকাল ৩টার দিকে গুলশান-২ এলাকার ওই হাসপাতালে তাদের অভিযান শুরু হয়। হাসপাতালটিতে করোনাভাইরাস পরীক্ষার কোনো অনুমোদন নেই। পরীক্ষা না করেই প্রতিবেদন দেওয়ার অভিযোগও আমরা পেয়েছি। সে কারণেই সেখানে অভিযান চালানো হয়।

র‌্যাব কর্মকর্তারা জানান, অভিযানে করোনাভাইরাসের অ্যান্টিবডি টেস্টের রিপোর্ট তারা পেয়েছেন, যা বাংলাদেশে অনুমোদিত নয়। হাসপাতালের সহকারী পরিচালক ও চিকিৎসক আবুল হাসনাতকে গ্রেপ্তারের কথা জানিয়ে আশিক বিল্লাহ বলেন, আমরা হাসপাতালের অনিয়িমগুলো খতিয়ে দেখছি। অভিযান শেষ করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘হাসপাতালগুলোতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে। আমরা হাসপাতালের বিভিন্ন সেবা প্রক্রিয়া, অসঙ্গতি ও কাগজপত্র চেক করছি। সবকিছু ঠিক রয়েছে কিনা সেটা দেখা হচ্ছে।’

অভিযোগের বিষয়ে কথা বলতে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এর আগে রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে গত ৬ জুলাই করোনাভাইরাস পরীক্ষার জালিয়াতি ধরে র‌্যাব। এরপর রিজেন্টের দুটি হাসপাতালই সিলগালা করে দেওয়া হয়। এছাড়া রিজেন্টের মালিক মোহাম্মদ সাহেদসহ ওই হাসপাতালের কয়েকজন কর্মচারীকে গ্রেফতার করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading