করোনায় প্রাণ গেল আরও এক পুলিশ কর্মকর্তার, আইজি’র শোক
উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ১৮:৫০
চলমান করোনাযুদ্ধে সম্মুখযোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশের আরও একজন কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি হলেন ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম (৪৬)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিমের পুলিশ ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার (১৯ জুলাই) পুলিশ হেডকোয়াটার্স সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন রফিকুল ইসলাম। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জুলাই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল মৃত্যুবরণ করেন। অকুতোভয় এ পুলিশ সদস্যের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার চরবাকল গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, ও এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলামের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান। রবিবার (১৯ জুলাই) পুলিশ ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক শোকবাণীতে বলেন, করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে আমরা আমাদের আরেক সহকর্মী ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলামকে হারালাম। বাংলাদেশ পুলিশের গর্বিত এ সদস্য দেশ ও জনগণের কল্যাণ ও সেবায় এক সুমহান দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। বাংলাদেশ পুলিশ তার এ আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করে।
আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।
পুলশ হেডকোয়াটার্স সূত্রমতে, সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে রফিকুল ইসলামসহ করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশের ৫৭ জন সদস্য প্রাণ হারিয়েছেন।

